উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় রবিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদ পাকা সড়কটি বন্যার পানিতে ডুবে গেছে। এ ছাড়া আশপাশ এলাকাসহ চরাঞ্চলের অন্তত শতাধিক বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে।
এ বিষয়ে শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান জানান, রতনকান্দি হাটখোলা থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা সড়ক বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এ ছাড়া এ সড়কের একটি কংক্রিট পাকা ব্রীজও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো বলেন, ইউনিয়নের প্রায় শতাধিক বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে। এ ছাড়া পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২ হাজার মানুষ। ইউনিয়নের প্রায় ২শ বিঘা জমির পাট, তিল ও সবজি ফসল ডুবে গেছে। খনও পানিবন্দি মানুষের জন্য কোন ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়নি।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পরেই শুভগাছা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জন্য ২৩ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছি। আগামী ২/১ দিনের মধ্যেই এ চাল বিতরণ শুরু হয়ে যাবে।
