করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে প্লাজমা ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশের ১০ জন সদস্য প্লাজমা দিয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ইতোমধ্যে আমরা প্লাজমা দেয়া কার্যক্রম শুরু করেছি। দেশে পুলিশের মধ্যে আমরাই প্রথম এটি শুরু করেছি। আমাদের ১৪১ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন, তারা স্বেচ্ছায় মানুষের জীবন বাঁচাতে এ প্লাজমা দিচ্ছেন।
পুলিশ সুপার বলেন, এ কার্যক্রমে আমাদের পুলিশ সদস্যরা পুলিশ হাসপাতালে গিয়ে প্লাজমা দিচ্ছেন। পরে সেই প্লাজমা পুলিশসহ যখন যার জীবন বাঁচাতে প্রয়োজন হবে তাকে দেয়া হবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের জেলা পুলিশের ১৯৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪১ জন সুস্থ হয়েছেন। যারা সুস্থ হচ্ছেন তাদের মধ্যে যাদের শরীরে প্লাজমা দেয়ার মতো অবস্থা আছে এবং তারা প্লাজমা দিচ্ছেন।
সূত্র: ইউএনবি।
