পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলি বলেছেন, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে চান তারা। এ ক্ষেত্রে ইংলিশদের ‘ভঙ্গুর’ টপ অর্ডারকেই টার্গেট করবে তার দল। রবিবার ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজহার এসব কথা বলেন।
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সবশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে। ২০১৬ ও ২০১৮ সালের সবশেষ সফরে টেস্ট সিরিজ ড্র হয়। সেই সিরিজ দুটিও প্রেরণা জোগাচ্ছে আজহারকে। এ ছাড়া প্রতিপক্ষের কিছু দুর্বলতার কথাও বলছেন তিনি।
অ্যালিস্টার কুক অবসর নেওয়ার পর ইংল্যান্ডের টপ অর্ডার শক্তি হারিয়েছে উল্লেখ করে আজহার বলেন, ‘যদি লক্ষ্য করেন অ্যালিস্টার কুক অবসর নেওয়ার পর তাদের টপ অর্ডার অনেক সময় ভঙ্গুর ছিল। সম্প্রতি তারা অনেকগুলো কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করেছে, কিছুটা স্থির হতে। কিন্তু তারা এখানে আত্মবিশ্বাসী নয়। তাই এই জায়গাটা দেখার জন্য আমাদের কিছু আছে।’
ইংলিশদের বোলিং নিয়ে আজহারের মন্তব্য, ‘তাদের বোলিং আক্রমণ নিজেদের কন্ডিশনে অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। জোফরা আর্চার ছাড়া আমরা সবাইকে খেলেছি। ব্রড, অ্যান্ডারসন, ওকস এমনকি উড। কিন্তু তাদের বিপক্ষে আমরা জিতেছি।’
নিজেদের নিয়ে আজহার বলেন, ‘ইংল্যান্ডে ব্যাটিং করা সবসময়ই কঠিন। তবে গত সফরে আমরা সেখানে ভালো করেছিলাম। ঘরের মাঠে শেষ টেস্টে আমাদের ব্যাটসম্যানরা বেশ কয়েকটি সেঞ্চুরি করেছে, আমার মনে হয় তারা এখনো আত্মবিশ্বাসী। ইংল্যান্ডে দল হিসেবে তিন শ ছাড়ানো সংগ্রহ গড়তে পারলে আশা করি আমরা ভালো করব।’
আর বোলিং নিয়ে বলছেন, ‘আমার বিশ্বাস, আমাদের পেস ও স্পিন আক্রমণ ইংল্যান্ডকে প্রতিটি রানের জন্য ভোগাবে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ কিংবা মোহাম্মদ হাসনাইনের মতো তরুণ পেসারদের দারুণ সম্ভাবনা আছে ইংলিশ কন্ডিশনে ভালো করার। একই সঙ্গে দলে আছে কয়েক জন অভিজ্ঞ বোলার।’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পাঠানো ভাড়া করা বিমানে করে ২০ সদস্যের পাকিস্তান ক্রিকেট দল রবিবার ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুইট করে জানিয়েছে এরই মধ্যে ইংল্যান্ড পৌঁছে গেছে দল।
সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ৩০ জুলাই লর্ডস টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ।
