চলতি অর্থবছরে (২০১৯-২০) বিভিন্ন চলচ্চিত্রকে অনুদান দেওয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক পরিবেশক সমিতি। ২৫ জুন চলতি অর্থবছরের জন্য চলচ্চিত্র অনুদানের প্রজ্ঞাপন প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। এবার ২৫টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি পূর্ণদৈর্ঘ্য ও ৯টি স্বল্পদৈর্ঘ্য। গতবার অনুদান পেয়েছিল মোট ১৪টি চলচ্চিত্র। তবে এবারের এই অনুদান যথাযথ হয়নি বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাঁচটি সংগঠন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান টেলিফোনে ড. হাছানকে সময়োপযোগী পদক্ষেপের জন্য শিল্পীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার স্বাক্ষরিত অভিনন্দনপত্রে বলা হয়, তথ্য মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বৃদ্ধি এবং মূলধারার চলচ্চিত্র নির্মাতাদের প্রাধান্য দেওয়ায় এবং অনুদানের অর্থের পরিমাণ বৃদ্ধি করায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
পাঁচটি সংগঠনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া : বাণিজ্যিক চলচ্চিত্রের স্থূল ও বিকৃত বিনোদনের প্রসার জনগণের অর্থে কোনো অবস্থাতেই সঠিক নয় বলে মন্তব্য করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট পাঁচটি সংগঠন। চলতি অর্থবছরে চলচ্চিত্রে সরকারি অনুদান ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান গতকাল রবিবার গণমাধ্যমে এ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিদাতা সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ ফিল্ম সোসাইটি, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, ফিল্ম উইদাউট ফিল্ম।
