সাইনবোর্ড ফেলে দেওয়া এবং আবার লাগানোকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চান্দেরচর খাসকান্দি গ্রামে গতকাল রবিবার দুটি হাউজিং প্রকল্পের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে সুমনা হাউজিং প্রকল্প ও দখিনা গ্রিন সিটি হাউজিং প্রকল্পের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় হাউজিং প্রকল্পের লোকজনের ইটপাটকেল নিক্ষেপে এএসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় শটগানের ১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, গত শনিবার রাতে উপজেলার চান্দেরচর খাসকান্দি গ্রামে সুমনা হাউজিং প্রকল্পের সাইনবোর্ড ফেলে দেয় দখিনা গ্রিন সিটি হাউজিং প্রকল্পের লোকজন। এ নিয়ে ওই রাত থেকেই উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় গতকাল সকালের দিকে ফেলে দেওয়া সাইনবোর্ড লাগাতে গেলে দুপক্ষ ইটপাটকেল ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
