ঢাকার শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং লাশ দাফনে আরও ১০ হাজার টাকা দেওয়া হবে।
সোমবার লঞ্চ দুর্ঘটনার পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিহত প্রতিটি পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে এবং ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এটি কোনো দুর্ঘটনা হতে পারে না, এটি একটি পরিকল্পিত ঘটনা। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
লঞ্চডুবির ঘটনায় সোমবার ছয় নারী ও তিন শিশুসহ কমপক্ষে ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক (গণমাধ্যম) শাজাহান শিকদার জানান, বেলা ১১টা ৩৩ মিনিটে লঞ্চটি শনাক্তের পর লাশগুলো উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে মনিং বার্ড ফরাশগঞ্জ ঘাটে ভেড়ার সময় বেগার দিতে গিয়ে ময়ুর-২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
খবর: ইউএনবি।
