কেউ তার ক্যারিয়ার শেষ করে দিতে চাইছেন। তার ভাবমূর্তি নষ্ট করে বলিউড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মৃত্যুর কয়েক মাস আগে নাকি কাছের বন্ধুদের প্রায়শই এমন কথা বলতেন সুশান্ত সিং রাজপুত। তবে কাদের দিকে ইঙ্গিত করতেন সুশান্ত, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতা। সম্প্রতি সুশান্তের কাছের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানেই উঠে আসে এই তথ্য।
মৃত্যুর ৬ মাস আগে থেকে নাকি অবসাদে ভুগতে শুরু করেন সুশান্ত সিং রাজপুত। ফলে মনোবিদ কেশরী ছাবড়ার ওষুধ খেতেন তিনি। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে এমনই তথ্য উঠে আসে পুলিশের হাতে। রিয়া চক্রবর্তীও দাবি করেছেন, অবসাদ কাটানোর ওষুধ খেতেন সুশান্ত। সেই সূত্র অনুযায়ী সুশান্তের কাছের লোককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ইতিমধ্যেই ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ব্যান্দ্রা থানার পুলিশের পক্ষ থেকে। যেখান থেকে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করেছে।
পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সুশান্তের বেশ কয়েকজন বন্ধু জানিয়েছেন, আত্মহত্যার ৬ মাস আগে থেকে নাকি মাঝে মধ্যেই ভয় পেতেন সুশান্ত। কেউ তাকে শেষ করে দিতে চাইছে বলে বন্ধুদের কাছে মন্তব্য করতেন অভিনেতা। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন প্রভাবশালী তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাইছেন বলেও নাকি মন্তব্য করতেন সুশান্ত। তবে কাদের কথা বলতেন সুশান্ত, সে বিষয়ে কোনো নাম তার বন্ধুরা পুলিশকে জানাতে পারেননি।
এদিকে সুশান্তের মৃত্যুর পর যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে শানোকে কী কী বিষয় নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
শানোর পর সুশান্তের শেষ ছবি দিল বেচারার সহ অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘিকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা যায়।
