সিরাজগঞ্জে করোনার আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে দু্ইজনের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার প্রধান ডাকঘরের স্ট্যাম্প ভেন্ডার ও ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দা হামিদুর রহমান (৪৮) সোমবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর আগে গত ২৪ জুন তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়লে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি জেলার রায়গঞ্জ উপজেলার এরান্দহ কৃষ্ণদিয়া গ্রামের মৃত আহেজ উদ্দিন শেখের ছেলে।
এ ছাড়া শহরের মিরপুর বিড়ালাকুঠি মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন (৮০) এ দিন সকালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ জুন হামিদুর রহমানের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি শহরের ভাড়াবাড়ি মহল্লার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন ৪-৫দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। রবিবার তার শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, জেলার ১৮৮ জনকে এ দিন পরীক্ষা করা হয়। ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা ৪৩১ জনে দাঁড়াল।
