টুইট করতে গিয়ে দেশের বানান ভুল করে বসল পিসিবি!

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:৫৫ পিএম

ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা নিয়ে কম নাটক হয়নি পাকিস্তান ক্রিকেটে। সমালোচিত হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বিতর্কের মাঝেই অবশ্য ২০ ক্রিকেটারসহ মোট ৩১ সদস্যের পাকিস্তান কন্টিনজেন্ট রবিবার ইংল্যান্ড পৌঁছে গেছে।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডগামী দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে আরেক দফা বিতর্কে জড়িয়েছে পিসিবি। সংস্থাটির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল নিজ দেশের বানানই ভুল করে বসেছে।

পাকিস্তান দলের দেশ ছাড়ার ৪টি ছবি টুইটারে আপলোড করে ক্যাপশনে পিসিবি লিখেছিল, ‘পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। ছেলেদের জন্য শুভ কামনা।’ কিন্তু ইংরেজিতে লেখা ক্যাপশনে 'Pakistan’-এর বদলে 'Pakiatan' লেখে পিসিবি।

মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ট্রোলিংয়ের শিকার হতে হয় পিসিবিকে। পরে অবশ্য ভুলটা ঠিক করে পিসিবি। পাকিস্তান বানান ঠিক করে নতুন ক্যাপশন দেয়, ‘ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছে পাকিস্তান দল।’ কিন্তু ততক্ষণে আগের টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তাই বিতর্ক এড়ানো যায়নি।

ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম দফায় করোনা পজিটিভ হওয়ার ১০ ক্রিকেটারকে রেখেই ইংল্যান্ডে গেছে দল। দুইবার করোনা নেগেটিভ হওয়ার পর তারা ইংল্যান্ডের বিমানের টিকিট পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত