টাঙ্গাইলের মির্জাপুরে চার বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত দুই মাদ্রাসা ছাত্র ফারুফ হোসেন (১৩) ও কাওসার আহম্মেদকে (১৪) আদালতের মা্ধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।
জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল চারটার দিকে বাড়ির পাশে বাবে জান্নাত মাদ্রাসার মসজিদে শিশুটি নামাজ পড়তে গেলে মাদ্রাসার ছাত্র ফারুক ও কাওসার তাকে ফুঁসলিয়ে মাদ্রাসায় নিয়ে তার পরনের কাপড় খুলে যৌন হয়রানি করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই দুই কিশোর পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার পর বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে মীমাংসার জন্য শিশুর পরিবারকে চাপ দেয়া হয় বলে অভিযোগ উঠে। পরে ঘটনা থানা পুলিশ অবগত হলে মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমানের নির্দেশে রবিবার রাতে ওই দুই কিশোরকে গোড়াই উত্তর নাজিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ জাহান জানিয়েছেন।
পরে সোমাবার (২৯ জুন) বিকেলে শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় যৌন হয়রানির মামলা করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার আদালতের মাধ্যমে দুই কিশোরকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
