রোটারিয়ান মো. রুবায়েত হোসেন বুধবার রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রুবায়েত হোসেন রোটারির আন্তর্জাতিক প্রেসিডেন্ট হলগারের থিম- ‘রোটারি সম্ভাবনার দুয়ার খুলে দেয়’ হৃদয়ে ধারণ করে বর্তমান সংকটকে সম্ভাবনায় পরিণত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
রুবায়েত হোসেন গত ১১ মে থেকে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ছিন্নমূল ক্ষুধার্ত মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি ‘আহার প্রতিদিন’ চালু করেন যা পরবর্তীতে দেশব্যাপী সম্প্রসারিত হয়েছে।
ইতোমধ্যে ৫০ হাজার রান্না খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে এবং বুধবার নতুন বছর শুরুর দিনেই বিভিন্ন ক্লাব প্রায় ৩০ হাজার প্যাকেট খাবার বিতরণ করবে।
এছাড়া রুবায়েতের উদ্যোগে গত মে মাস থেকে সংকটকালীন চিকিৎসার জন্যে বাংলাদেশে এই প্রথম কাজ শুরু করেছে ৪০ জনের বেশি চিকিৎসক নিয়ে গঠিত ‘রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার’ নামে টেলিমেডিসিন পরিসেবা।
এত অনিশ্চয়তা আর দুর্যোগের মাঝেও গভর্নর রুবায়েত রোটারীয়ানদের নির্ধারিত সব ট্রেনিং কাজগুলো জুম প্লাটফর্মের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করেছেন। তার উদ্যমকে আরও উৎসাহিত করতে আন্তর্জাতিক রোটরির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ভার্চুয়ালি এসব প্রশিক্ষনে যোগ দেন।
এদিকে বুধবার বর্ষ শুরুর অনুষ্ঠানে জেলার শতভাগ ক্লাব সভাপতি রোটারি ফাউন্ডেশনে আর্তমানবতার সেবায় একযোগে অর্থ দান করবেন।
নতুন গভর্নর দেশের বিভিন্ন স্থানে রোটারীর উদ্যোগে অক্সিজেন ও প্লাজমা ব্যাংক স্থাপনেরও উদ্যোগ নিয়েছেন।
