‘অধিনায়ক হিসেবে সৌরভ-দ্রাবিড়ের মিশ্রণ ধোনি’

আপডেট : ৩০ জুন ২০২০, ০৬:৫৭ পিএম

ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্বের শুরুর দিকে একেবারে অনভিজ্ঞ এক দল নিয়ে দেশকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা উপহার দেন তিনি। এরপর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ভারত। এসবের পেছনেই রয়েছে অধিনায়ক ধোনির বড় অবদান।

২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের ম্যানেজার লালচাঁদ রাজপুতের মতে অধিনায়ক ধোনি হলেন, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের মিশ্রণ। এই দুই সাবেক অধিনায়কেরই ছায়া আছে ধোনির মধ্যে।

একটি ফেইসবুক লাইভ চ্যাট শোতে রাজপুত বলেন, ‘ধোনি খুবই শান্ত প্রকৃতির। ও দু’কদম এগিয়ে ভাবে সবকিছু। নেতৃত্ব দেওয়ার সময় সামনে-পেছনে সব রকম চিন্তাভাবনাই করে ধোনি। তার মধ্যে আমি সৌরভ ও রাহুলের নেতৃত্বের গুণ দেখতে পাই।’

‘সৌরভ খুবই আগ্রাসী অধিনায়ক। ইতিবাচক চিন্তা করত, খেলোয়াড়দের উৎসাহ দিত। ভারতীয় দলের মানসিকতা বদলে দিয়েছিল সৌরভ। ধোনিও সেই জিনিসটাই বয়ে নিয়ে গিয়েছে।’

সীমিত ওভারের ক্রিকেটে ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টেস্টে নেতৃত্ব দেন দেশকে। ধোনির নেতৃত্বে আইসিসির সব ধরনের আসরেই ট্রফির স্বাদ পেয়েছে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত