করোনা সংকটের মাঝেই কি বিয়ের কাজ সেরে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ? সামাজিক যোগাযোগ মাধ্যমে জর্জিনার এক পোস্টের পর ভক্তদের মাঝে এই জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি ফুটবল থেকে একদিনের ছুটিতে ইতালির এক সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন রোনালদো-জর্জিনা। জর্জিনা রোনালদোর সঙ্গে দারুণ সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
সেই ছবির কোনটাতে রোনালদো সুইমিং করছেন, কোনটায় তারকা ফুটবল আবার রোদ পোহাচ্ছেন। এর মাঝেই একটি ছবিতে নিজের রোদ পোহানোর মুহূর্ত শেয়ার করেছেন জর্জিনা। রোনালদোর বান্ধবীর সেই ছবি ঘিরেই জল্পনা শুরু।
রোদ পোহানোর মাঝে জর্জিনা হাত ও কালো কাপড় দিয়ে মুখ ঢেকেছেন। সেখানেই রোনালদোর বান্ধবীর বাঁ-হাতের রিং ফিঙ্গারে একটি হীরের আংটি জ্বলজ্বল করছে।
জর্জিনা ছবিটিতে স্প্যানিশ ভাষায় একটি ক্যাপশনও লিখেছেন। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘দুর্দান্ত তিনিই যাকে জ্বলতে অন্যের আলো বন্ধ করার দরকার নেই।’
এই ছবি ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠছে তবে কি বিয়ের কাজটা সেরে ফেলেছেন দুজনে।
২৬ বছর বয়সী মডেল জর্জিনা ও ৩৫ বছর বয়সী রোনালদোর বিয়ের গুঞ্জণ অবশ্য এটি নতুন নয়। সাত মাস আগেও গুজব ছড়ায় মরোক্কোয় ছোট্ট পরিসরের আয়োজনে নিজেদের বিয়ে সেরে নিয়েছেন রোনালদো-জর্জিনা।
প্রসঙ্গত, জর্জিনার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো একাধিবার প্রেমে পড়েছেন। তবে জর্জিনা জীবনে আসার পর এখন তিনি অনেকটাই থিতু হয়েছেন। রোনালদোর মোট চার সন্তান। বড় ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়ার ১৭ জুন ১০ বছরে পা রেখেছে। সারোগেসি পদ্ধতিতে রোনালদোর আরও দুই সন্তান রয়েছে।
২০১৭ সালে যমজ ছেলে-মেয়ে ইভা ও মাতেও-র জন্ম হওয়ার সুসংবাদ শুনিয়েছিলেন রোনালদো। এরপর ২০১৭ সালে ১২ নভেম্বর রোনালদো ও জর্জিনার প্রথম সন্তান আলানার জন্ম হয়।
