মির্জাপুরে শনাক্ত ২০০ ছাড়ালো, থাকছে না লকডাউন

আপডেট : ০১ জুলাই ২০২০, ০৩:১০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় চার পুলিশ সদস্যসহ ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০২ জন।

বুধবার দুপুরে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

আগামীকাল বৃহস্পতিবার বাজার এলাকার ১৫ দিনের লকডাউন শেষ হলেও তা আর বাড়ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ২৬ জুন ঢাকা শিশু হাসপাতালে পাঠানো নমুনা থেকে ৮ জনের করোনায় আক্রান্তের কথা বুধবার স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।

আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের চার পুলিশ সদস্য, গোড়াই এলাকার তিনজন পুরুষ এবং ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামের এক ব্যক্তি (৩৫)।

মির্জাপুর উপজেলার ভাওড়া বৈরাগীপাড়া প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৭ এপ্রিল। ৭ জুন পর্যন্ত দুই মাসে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৮৫ জন।

৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে ১১৭ জন বেড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০২ জন। আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেও তা কমেনি।

সর্বশেষ গত ১৬ জুন থেকে রেড জোন চিহ্নিত করে মির্জাপুর পৌরসভার তিন নং ওয়ার্ড (বাজার এলাকা) ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন, যা শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই)।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০২ জন। এর মধ্যে মারা গেছে পাঁচজন, সুস্থ হয়েছেন ৫২ জন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার মির্জাপুর পৌরসভার তিন নং ওয়ার্ডে (বাজার এলাকায়) শেষ হচ্ছে ১৫ দিনের লকডাউন।

এই লকডাউন আর বাড়ছে না জানিয়ে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি যাতে কার্যকর হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি থাকবে। এছাড়া করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া সন্দেহভাজনরা নিয়মিত নজরদারিতে থাকবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত