ভিসার মেয়াদ শেষ হওয়ায়, ভারতের আসামের ধুবড়ী জেলে আটক কুড়িগ্রামের ২৬ বাংলাদেশীর মধ্যে বকুল মিয়া নামের একজন বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ব্যাপারী পাড়া গ্রামে।
কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন জানান, তাকে বিষয়টি নিশ্চিত করেছেন গৌহাটির বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার তানভীর রসুল। জেলে আটক মৃত ব্যাক্তির পাসপোর্ট নম্বর ইচ ০৫৬১৫৫১ জন্ম ১০/১/১৯৬৪ বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি সহ ২৬ জন বাংলাদেশী লকডাউনের কারণে ভারতের আসাম প্রদেশে আটকা পড়েন। এ কারনে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যথা সময়ে দেশে ফিরতে পারেন নি তারা। এ অবস্থায় তারা দেশে ফেরার চেষ্টা করলে ভারতের আসাম পুলিশ তাদের আটক করে।
গত ২৬ জুন তাদের মামলার শুনানি হয় এবং আগামী ৬ জুলাই পুনরায় শুনানির জন্য দিন ধার্য্য ছিল। কিন্তু মুক্তি পাওয়ার আগেই মারা গেলেন।
উল্লেখ্য, আটক এসব বাংলাদেশীর মুক্তির দাবিতে কুড়িগ্রামে একাধিকবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। যা দেশ রূপান্তরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।
