গোপালগঞ্জে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে ২ জন এবং আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে তারা মারা যান।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোতালেব মিয়া (৬৮) গতকাল এবং মানিকদাহ গ্রামের দিপংকর শিরালী (৩৪) মঙ্গলবার করোনার উপসর্গ শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, শহরের মৌলভীপাড়ার বাসিন্দা টুকু কাজী (৬৭) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাতে তিনি তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিয়ম মেনে মৃত ব্যক্তিদের লাশের সৎকারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, গোপালগঞ্জে নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া ৭জন, কোটালীড়ায় ৬ জন, কাশিয়ানী ২ জন এবং মুকসুদপুর উপজেলায় ৮ জন।
জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৯ জন। বর্তমানে ৩২১ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত ৫ হাজার ২৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জেলায় ৬০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
