ফেইসবুকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।
রেজাউল হায়দার বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে সোলেমান ওরফে নিগুয়েগাং তেগোমো বারটিন (৪৭), নিগুয়েনাং তোবোসেরগে ক্রিস্টিয়ান (৩৮) ও একোঙ্গো এরনাস্ট ইব্রামহিম (৪২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন কেনিয়ার ও অন্য দুজন ক্যামেরুনের নাগরিক। তাদের কারও কাছেই পাসপোর্ট নেই। ধারণা করা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ শেষ। অবৈধভাবে তারা অবস্থান করছেন। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা কবর। এ চক্রে আরও কেউ থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, প্রতারকরা প্রথমে ফেইসবুকে ফেইক আইডি দিয়ে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ এবং বন্ধুত্ব করতেন। পরে দামি গিফট পাঠানো এবং সেটি কাস্টমসে আটকে আছে, ছাড়িয়ে আনতে হবে বলে মোটা অঙ্কের টাকা চান। ডিআইজি রেজাউল আরও বলেন, প্রতারক চক্রের একজন আমেরিকান পরিচয় দিয়ে আরিফুল ইসলাম ওরফে ফয়সাল নামে একজনের সঙ্গে বন্ধুত্ব করেন। পরে আরিফুলকে কুরিয়ার এজেন্টের মাধ্যমে উপহার পাঠাবেন বলে জানান।
