‘আমাদের পরিবার আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সবই দর্শকদের অনুগ্রহ। নিজেকে অভিনেতা বলার অর্থ হল আমরা দর্শকদের সেবায় নিয়োজিত।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মতামত ব্যক্ত করেছেন অভিষেক বচ্চন।
সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেছেন জুনিয়র বচ্চন। সেই উপলক্ষেই একটি সাক্ষাৎকার দেন অভিষেক। জুনিয়র বচ্চন আরও বলেন, ‘আমরা দর্শকদের জন্য কাজ করি, কারণ, দর্শকেরা আমাদের ছবি দেখার জন্য তাদের উপার্জিত অর্থ ব্যয় করেন। আর সেকারণেই তারাই সিদ্ধান্ত নেবেন কে অভিনয় করবেন, কে করবেন না। তারা টিকিট কিনছেন না মানে, তারা টিকিট কিনতে চাইছেন না। আর তারা টিকিট কিনছেন না এর অর্থ, আপনি পরবর্তী ছবিটাও আর পাবেন না। কোন অভিনেতা কাজ করবেন কিনা সেটাও দর্শকরাই ঠিক করে দিতে পারেন।’
অভিষেকের কথায়, ‘অভিনেতা যদি পরবর্তী কাজ পান, তাহলে তার নিজের পিঠ চাপড়ে দেওয়া উচিত। যে তুমি পেরেছ। তোমাকে আরও অনেক দূর যেতে হবে, তাই অভিযোগ করো না। খুশি হও, যে তুমি এই সুযোগটা পেয়েছ। আর এটা ভেবে নিয়ো না, যে তুমি সব সময় এই সুযোগটা পাবে। এই অভিনয় জগতে অনেক প্রতিযোগিতা। আর নিজেকে তাই সেভাবেই তৈরি করা উচিত।’
প্রসঙ্গত সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে অভিষেক বচ্চন অভিনীত ‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোজ’ ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজটির মাধ্যমেই প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিষেক।
