অধস্তন আদালতের ৪০ বিচারক, ১৩৬ জন বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। আক্রান্ত বিচারকদের মধ্যে একজন মারা গেছেন।
সাইফুর রহমান বলেন, ‘৩ জুলাই পর্যন্ত অধস্তন আদালতের ৪০ জন বিচারক, সুপ্রিম কোর্টের ৪৫ কর্মচারী এবং অধস্তন আদালতের ১৩৬ কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিচারকদের মধ্যে একজন মারা গেছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং ১৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। অন্য ২১ বিচারক নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।’ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ।
সাইফুর রহমান এর আগে জানান, বিচারকদের মধ্যে গত ২২ মে প্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া মাদারীপুর জেলা জজ আদালতের জারিকারক মো. কাউসার গত ১৮ জুন এবং নওগাঁ জেলা জজ আদালতের অফিসসহায়ক মহিউদ্দিন মোহন ১৯ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান।
