ইতালিতে নতুন সংক্রমণে আক্রান্ত বাংলাদেশিরাও, ঢালাও পরীক্ষার উদ্যোগ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১০:০৯ এএম

করোনা সংক্রমণ বাড়ায় ইতালির কেন্দ্রীয় অঞ্চল লাৎসিওর বাংলাদেশি অভিবাসীদের ব্যাপক পরীক্ষার আওতায় আনা হয়েছে। 

ইতালির রাজধানী রোম শহর লাৎসিও অঞ্চলেরও রাজধানী। ফেব্রুয়ারি শেষের দিকে ইতালিতে করোনা সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি আঘাত হানে লাৎসিও অঞ্চলে। 

অঞ্চলটিতে এখন পর্যন্ত আট হাজার মানুষের মধ্যে কভিড-১৯ শনাক্ত হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি গুচ্ছ সংক্রমণের ঘটনা ঘটেছে। যা নিয়ে দুশ্চিন্তা পড়ে গেছেন ইতালীয় কর্তৃপক্ষ।

রয়টার্স জানায়, গত কয়েকদিনে নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন ১০ জন বাংলাদেশিও। তাদের মধ্যে সর্বশেষ শুক্রবার শনাক্ত হওয়া একজন মাত্র দেশ থেকে ফিরেছেন। 

লাৎসিও’র স্বাস্থ্য বিভাগের প্রধান আলেসসিও দি আমাতো বলেন, এ সপ্তাহের সোমবার থেকে শুধু বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি পরীক্ষা কেন্দ্র চালু করা হবে।

তিনি প্রবাসী বাংলাদেশিদের বড় সংখ্যায় সেখানে গিয়ে পরীক্ষা করানোর আহ্বান জানান। পরীক্ষার জন্য কোনো অর্থ দেওয়া লাগবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের পর ইতালিতে সবচেয়ে বড় আঘাত হেনেছিল করোনাভাইরাস। রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল দেশটি। সেখানে এখন পর্যন্ত দুই লাখ ৪১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩৪ হাজার ৮০০ এরও বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত