করোনা সংক্রমণের বিস্তার রোধে শ্রমিকদের ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজেএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি সংক্রমণের বিস্তার রোধে তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য শ্রমঘন শিল্পসমূহ ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজিএমই এবং বিকেএমইএ’র দৃষ্টি আকর্ষণ করছি।’
তিনি বলেন, ‘ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকরা বরাবরের মতো এবারও সহমর্মিতার নজির স্থাপন করবেন বলে আমার বিশ্বাস।’
ঈদুল আযহার তিন দিন আগে থেকে সড়ক মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তবে তিনি বলেন, কৃষি, শিল্প ও রপ্তানিমুখী পণ্য, চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ, জ্বালানি, ওষুধ, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্যসহ জরুরী সার্ভিস এর আওতামুক্ত থাকবে।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে-পরে ৮ দিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
এ সময় ফিটনেসবিহীন যানবাহন কোরবানির পশুরহাটে চলাচলে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
পশুরহাটের অনুমতি প্রদানের ক্ষেত্রে আবারও স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কের ওপরে কিংবা আশপাশে পশুরহাট বসানো যাবে না।
তিনি বলেন, প্রয়োজনে এবছর কমসংখ্যক হাট বসানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে। এক্ষেত্রে অনলাইনে পশু বেচা-কেনার বিষয়টিও বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।
এ সময় বাড়িওয়ালা-ভাড়াটিয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সংকটে অনেকের আয় কমেছে, হারিয়েছে চাকরি। আবার কেউ-কেউ পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। এমন পরিস্থিতিতে একে অপরের প্রতি সমব্যথী হতে হবে।
