টানা ৩ দিন ধরে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি কমতে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি।
বেশিরভাগ বাড়ি থেকে পানি নেমে গেলেও নদী তীরবর্তী অনেক বাড়িঘরে এখনও পানি রয়েছে। বিভিন্ন সড়ক থেকে পানি নেমে গেলেও পানির প্রবল তোড়ে বিভিন্ন স্থানে সড়ক ভেঙ্গে যাওয়ায় দুর্গত এলাকার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ইসলামপুর উপজেলার উলিয়া-মাহমুদপুর সড়ক ও আমতলী-বলিয়াদহ সড়কের একাধিক স্থানে ভেঙ্গে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এসব সড়কের ভাঙ্গা জায়গায় বাঁশের সাঁকো তৈরি করে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা।
জেলা প্রশাসনের হিসাবে এবারের বন্যায় এখন পর্যন্ত ৯৬ কিলোমিটার কাঁচা ও ১৭ কিলোমিটার পাকা সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কিলোমিটার বাধ।
