গাজীপুরের কোনাবাড়ীতে বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রবিবার সন্ধ্যার দিকে বাইমাইল পূর্বপাড়া বিল থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। মৃতরা হলোÑ কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮), একই এলাকার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৯) ও শহিদুল ইসলামের ছেলে রনি (১৮)। স্থানীয় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন জানান, রবিবার দুপুরে বাইমাইল পূর্বপাড়া বিলের পানিতে গোসল করতে নামে ১০ কিশোর ও তরুণ। এ সময় জোয়ারের পানিতে ভেসে বিলের একটি ইটভাটার পাশের গভীর গর্তে পড়ে নিখোঁজ হয় স্বাধীন, রনি ও সাব্বির। পরে সঙ্গে থাকা অন্য সবাই তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। একপর্যায়ে তারাও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টার দিকে ওই তিনজনের লাশ উদ্ধার করে।
×
