রাজধানীর বুড়িগঙ্গা নদীতে এমভি মিরাজ-৬ নামে একটি লঞ্চের ধাক্কায় ৬ যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা ডুবে গেছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে বাদামতলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সাঁতরে ৫ যাত্রী তীরে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন একজন। ইসরাফিল মিয়া (২৫) নামে ওই ব্যক্তি পেশায় ইলেকট্রিশিয়ান।
এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চডুবির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন। সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া জানান, রবিবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জের ইস্পাহানি ঘাট থেকে বাদামতলী ঘাট বরাবর একটি খেয়া নৌকা পার হচ্ছিল। এ সময় এমভি মিরাজ-৬ লঞ্চটির ধাক্কায় নৌকাটি ডুবে গেলে ৫ জন সাঁতরে তীরে ওঠেন। এক যাত্রী এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সদরঘাট নৌপুলিশের সদস্যরা কাজ করছেন।
