সাংবাদিকের ওপর হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৮:১১ এএম

কুমিল্লার মুরাদনগরে সাংবাদিক ও তার বাবা-মায়ের ওপর হামলাকারী উপজেলার দারোরা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান বিএসসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে হামলার পর ওই সাংবাদিকের আহত বাবা বাদী হয়ে রাতে মুরাদনগর থানায় মামলা করলে রাতেই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি একেএম মনজুর আলম জানিয়েছেন।

আহত সাংবাদিক শরিফুল আলম চৌধুরী দৈনিক সমকাল পত্রিকার মুরাদনগর প্রতিনিধি ও মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। ইউপি চেয়ারম্যান শাহজাহান বিএসসির নানা অনিয়মের প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় তার ওপর হামলা করা হয় বলে তিনি জানিয়েছেন।

গত শনিবার দুপুরে শাহজাহান চেয়ারম্যানের লোকজন বাড়িতে এসে সাংবাদিক শরিফুলকে দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই হাত-পা ভেঙে দেয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে রামদা দিয়ে তার বাবা অবসরপ্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধুরীর ডান হাত ও মা ফরিদা বেগমের বাম হাত ভেঙে দেওয়া হয়।

সাংবাদিক শরিফুলকে গুরুতর অবস্থায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। তার বাবা ও মা দুজনই মুরাদনগর হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত