চীনা হামলা নিয়ে সিনেমার ঘোষণা: বিদ্রূপের শিকার অজয়-অক্ষয়

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১১:৪৫ এএম

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘তানাজি’র বিরাট সাফল্যের পর পরবর্তী ছবি ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ মুক্তির জন্য প্রস্তুত অজয় দেবগণ। এর মাঝেই শনিবার লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর চীনা হামলা এবং ‘ভারতীয় সেনার রুখে দাঁড়ানো ও আত্মত্যাগের’ বাস্তব কাহিনি নিয়ে ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

টুইট বার্তায় বিষয়টি প্রকাশ্যে আনেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। এর পর মাইক্রো ব্লগিং সাইটটি ভরে গেছে অক্ষয় কুমার ও অজয়কে নিয়ে তৈরি মিম ও ট্রোলে।

দেশাত্মবোধক কাহিনি অবলম্বনে ছবি তৈরির সুযোগ হাতছাড়া হওয়ায় অক্ষয়ের প্রতিক্রিয়া কী হতে পারে তা নিজেদের মতো করে ব্যক্ত করেছেন টুইটারের বাসিন্দারা। অনেকের দাবি, ‘অক্ষয়ের ছবি ছিনিয়ে নিয়েছেন অজয়’। কেউ মিম বানিয়ে অজয়ের উদ্দেশ্যে লিখেছেন ‘চিটিং করেছেন আপনি’।

বলিউডের আধুনিক জামানার ‘ভরত কুমার’ বলা হয় খিলাড়ি কুমারকে। সাম্প্রতিক অতীতে একাধিক দেশাত্মবোধক গল্পনির্ভর ছবি তৈরি হয়েছেন নরেন্দ্র মোদির প্রিয়পাত্র অক্ষয়। তার ঝুলিতে রয়েছে হলিডে, বেবি, এয়ারলিফট, রুস্তম, গোল্ড, কেশরিসহ বেশ কিছু ছবি। অবশ্য অক্ষয়ের পাশাপাশি এই তালিকায় হালে যোগ দিয়েছেন জন আব্রাহামও। এখন তানাজি ও ভূজের পর পাকাপাকি স্থান করে নিলেন অজয়। অর্থাৎ, বিক্রয়যোগ্য দেশপ্রেমকে ছাড়তে রাজি নন কেউ।

এ দিকে হালে স্বজনপোষণ আলোচনায় অক্ষয় ও অজয়ের নাম উঠে এসেছে। বলা হচ্ছে, অজয়ের অভিষেক সিনেমা ‘ফুল আউর কাঁটে’য় অভিনয় করার কথা ছিল অক্ষয়ের। কিন্তু শুটিং শুরুর মাত্র একদিন আগে তাকে মানা করে দেওয়া হয়। উল্লেখ যে, ওই সিনেমার অ্যাকশন ডিরেক্টর ছিলেন অজয়ের বাবা বীরু দেবগন। পরে এ দুই তারকা ‘সোহাগ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’তে মূল অভিনেতা অক্ষয়ের সঙ্গে ক্যামিও রোলে আছেন অজয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত