বুড়িগঙ্গায় ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় ‘এমএল মর্নিং বার্ড’ লঞ্চডুবির ঘটনায় গঠিত একটি তদন্ত কমিটির প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা পড়েছে। মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সাত দিনের সময় শেষে গতকাল সোমবার রাতে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম খান দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
তদন্ত প্রতিবেদনে ওই লঞ্চ দুর্ঘটনার জন্য কাদের দায়ী করা হয়েছে এবং দুর্ঘটনা রোধে কী কী সুপারিশ করা হয়েছে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটির সদস্যরা রাতে প্রতিবেদন জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী মহোদয় এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।’
গত ২৯ জুন সকালে রাজধানীর সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় কমপক্ষে ১০০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে যায়। পরে উদ্ধারকর্মীরা ডুবে যাওয়া লঞ্চটির ৩৪ যাত্রীর লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।
