করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন জেনারেটর, লাইটিং, সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা। সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় তিন মাসেরও বেশি সময় ধরে কর্মহীন এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা কিংবা ঋণ সহায়তা পাওয়ার দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন করেছেন উপজেলার জেনারেটর-লাইটিং-সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা।
গতকাল সোমবার সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা করোনা ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা কিংবা ঋণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জেনারেটর, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সজল সরকার, সিনিয়র সহ-সভাপতি সনি গমেজ প্রমুখ।
