যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:৩৫ এএম

চট্টগ্রামের আনোয়ারায় কৌশলে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত রবিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের শিলালিয়া গ্রামের মুরালী খালের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার শোভনদন্ডি গ্রামের ফরমান উদ্দিন (২৩), লাউয়েরখীল এলাকার মুজিবুল্লাহ (২৫), চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারালা গ্রামের মঈন উদ্দিন (২৯), সাতবাড়িয়া গ্রামের মোজাম্মেল হক (২৮), পশ্চিম ইলাহবাদ গ্রামের সাকিবুল হাসান (২২)।

পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে পটিয়া থেকে যাত্রীবেশে ওই পাঁচ ছিনতাইকারী অটোরিকশায় করে আনোয়ারায় আসার পথে শিলালিয়া গ্রামে অটোরিকশা থামিয়ে চালককে মারধর করে। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী এসে ওই পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।   

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার ৫ জনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত