করোনায় মারা গেলেন এটিএন বাংলার কর্মকর্তা আহসান হাবিব

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০২:১০ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আহসান হাবিব।

সোমবার রাত ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি নিয়াজ জামান সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান হাবিব স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রাজধানীর বনশ্রী কবরস্থানে আহসান হাবিবকে দাফন করা হয়েছে।

আহসান হাবিবসহ এনিয়ে ১২ জন গণমাধ্যমকর্মী ও সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও নয়জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ার পর সোমবার সকাল নাগাদ দেশে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত