বুধবার শুরু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: জেনে নিন খুঁটি-নাটি

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৯:০২ পিএম

ক্রিকেট ভক্তদের জন্য এ এক উৎসবের লগন বটে! কত দিন মাঠে আন্তর্জাতিক ক্রিকেট নেই। এই হাহাকারটাই এবার ফুরোচ্ছে। ঠিক ১১৭ দিন পর মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।

সাউদাম্পটনের অ্যাজেস বোলে বুধবার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এক অর্থে এই সিরিজকে ‘ঐতিহাসিক’ ট্যাগ দেওয়াই যায়।

দুই দলের ব্যাটে-বলে লড়াই শুরুর আগে জেনে নেওয়া যাক সিরিজের বিস্তারিত:

বেন স্টোকসের নতুন অধ্যায়

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের জন্য নতুন এক অধ্যায় শুরু হচ্ছে বুধবার। প্রথমবারের মতো ইংলিশদের নেতৃত্ব দেবেন তিনি। নিয়মিত অধিনায়ক জো রুট পারিবারিক কারণে থাকছেন না প্রথম টেস্টে। তাই স্টোকসের কাঁধে দলের নেতৃত্ব।

হোল্ডারের ‘তেত্রিশ’

ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার বুধবার অধিনায়ক হিসেবে ৩৩তম টেস্ট খেলতে নামবেন। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় হোল্ডার আছেন শীর্ষে। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এখনো হোল্ডার অলরাউন্ডার হিসেবে বিশ্বের এক নম্বর।

বেন স্টোকস সেখানে দ্বিতীয় স্থানে। অর্থাৎ দুজনের একটা লড়াই তো হবেই। অধিনায়ক হিসেবেও হোল্ডার-স্টোকসের লড়াই হয়ে যাবে অ্যাজেস বোলে।

‘ভার্চুয়াল’ দর্শক

এটা আগেই জানা যে দুই দলের সিরিজ হবে দর্শকশূন্য গ্যালারিতে, বায়ো-সিকিউর পরিবেশে। তবে দর্শক না থাকলেও তুমুল চিৎকার, ঘনঘন হাততালি, খেলোয়াড়দের তাতানোর জন্য স্লোগান, সবই থাকবে সাউদাম্পটনের অ্যাজেস বোলের গ্যালারিতে।

কৃত্রিম ভাবে দর্শকদের অভাব পূরণ করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেন স্টোকস কিংবা জ্যাসন হোল্ডারদের ম্যাচ টিভিতে দেখার সময় যা অন্যরকম অনুভূতি দেবে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপ পয়েন্ট টেবিল কি বলছে

আসন্ন সিরিজ থেকে দুই দলের জন্যই সর্বোচ্চ ১২০ পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে। জয়ের জন্য থাকবে ৪০ পয়েন্ট, টাইয়ের জন্য ২০ এবং ড্রর জন্য ১৩।

এই সিরিজে নিউজিল্যান্ডকে টপকে যাওয়ার সুযোগ থাকছে ইংল্যান্ডের সামনে। ৯ ম্যাচে ১৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা। তৃতীয় স্থানে থাকা কিউইদের থেকে ৩৪ পয়েন্ট পিছিয়ে।

অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম পয়েন্ট অর্জনের অপেক্ষায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে এখনো কোনো জয় পায়নি দলটি।

সিরিজের পুরো সূচি

প্রথম টেস্ট: ৮-১২ জুলাই, অ্যাজেস বোল, সাউদাম্পটন

দ্বিতীয় টেস্ট: ১৬-২০ জুলাই, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার

তৃতীয় টেস্ট: ২৪-২৮ জুলাই, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার

**সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়

দুই দলের স্কোয়াড:

ইংল্যান্ড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, ক্রেগ ব্রাথওয়েট, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেস, রাহকিম কর্নওয়াল, শেন ডরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, চেমার হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেপ, রেমন রেইফার, কেমার রোচ।

কোন চ্যানেলে দেখবেন

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সম্প্রচার করবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি চ্যানেল। সনি লাইভ অনলাইন স্ট্রিমিংও করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত