শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোর লক্ষ্যে দাবা খেলাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বাংলাদেশ চেস ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিলের (এসএসিসি) প্রেসিডেন্ট। দাবা খেলার মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সাসটেইনেবল পার্টনারশিপ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। এসএসিসি প্রেসিডেন্ট সোমবার রাতে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে জুমে (ভার্চুয়াল) প্রি-বোর্ড এসএসিসি বোর্ড সভায় সভাপতিত্ব করেন।
সভায় এসএসিসির চিফ এক্সিকিউটিভ অরুণ মথুসানি, ফিদে প্রেসিডেন্টস অ্যাডভাইজর ও এসএসিসি অবজারভার বারেক বাল গাববিয়াব, যুক্তরাজ্যের দাবা কনসালট্যান্ট শ্যারন ওয়েলথি, স্পেনের দাবা কনসালট্যান্ট লুইস ব্লস্কে ডি লা ক্রুজ অংশ নেন।
যুক্তরাজ্য ও স্পেনের দাবা কনসালট্যান্টরা জিব্রাল্টার এবং স্পেনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে দাবাকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাদের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন।
