আরেকটা সুযোগ দিলেন না: করোনায় অভিনেতার মৃত্যুতে জয়ার শোক

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৮:৪০ এএম

অরুণ গুহঠাকুরতার সঙ্গে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান। সেই প্রবীণ অভিনেতার প্রাণ কেড়ে নিল করোনা। এই সোশ্যাল মিডিয়া পোস্টে স্মৃতি হাতড়ে শ্রদ্ধা জানালেন এই নায়িকা। বললেন, আরেকটা কাজ করার সুযোগ দিলেন না।

জয়া ফেইসবুকে লেখেন, “জানি না এ বছর আর কতজনের মৃত্যু সংবাদ লিখতে হবে। করোনা কেড়ে নিলো আরেকজন প্রিয় অভিনেতাকে। বিসর্জন, বিজয়ার সেই ডাক্তারচাচা ওরফে অরুণ গুহঠাকুরতা আর নেই। কত স্মৃতি মনে পড়ছে আজ তাকে নিয়ে আমাদের সেই শুটিংয়ের। সিনেমার শুটিংয়ের সময় রোজ টাকীতে আমাদের মেকআপ রুমের আড্ডাগুলো কোনোদিন ভোলার নয়। কৌশিক দার কথাটা আজ মনে পড়ছে খুব। আপনার মতো অভিনেতা পেয়েছি নিংড়ে নেব। অরুণ দা আরেকটা কাজ করার সুযোগ দিলেন না। অসম্ভব মন খারাপের খবর। ওপারে ভালো থাকবেন ডাক্তারচাচা। চলচ্চিত্র জগতে আপনার অনবদ্য অবদান বাংলার মানুষের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবে।”

বিসর্জন ও বিজয়া ছাড়াও সিনেমাওয়ালা, বসু পরিবার, কেয়ার অফ স্যার, সিনেমাওয়ালা, শব্দ, ল্যাপটপ, ছোটদের ছবিসহ সাম্প্রতিক একাদিক সিনেমায় দেখা গেছেন অরুণ গুহঠাকুরতাকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান কলকাতার এ অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল। মঙ্গলবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বুধবার শেষকৃত্য হবে তার।

টলিউডে অভিজ্ঞ টেকনিশিয়ান, সহপরিচালক ও অসম্ভব ভালো অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন অরুণ। সেই সঙ্গে তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। বহুবছর ধরে বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করে এসেছেন তিনি। এ ছাড়া আরও অনেক বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু কোনোদিনই খুব লাইমলাইটে আসেননি।

‘সিনেমাওয়ালা’তে হরির চরিত্রে তার অভিনয় মনে রাখবার মতো। এই চরিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেতার পুরস্কারও পেয়েছেন। ‘বসু পরিবারে’ তিনি রান্নার ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই অভিনয়ও মনে রাখবার মতো।

জানা যায়, অরুণের চিকিৎসার সব ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। সাহায্যে এগিয়ে এসেছিলে কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষের মতো ব্যক্তিত্বরা।

অরুণ গুহঠাকুরতার প্রয়াণে সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীসহ অনেকে।

সুদীপ্তা লেখেন, ২০০০ সালে ‘মন্দ মেয়ের উপাখ্যানের’ প্রি প্রোডাকশনে প্রথম দেখা হয় অরুণ গুহঠাকুরতার সঙ্গে। ‘কালপুরুষে’ও তিনি ছিলেন বুদ্ধদেব দাশগুপ্তর সহপরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যোষ্ঠপুত্র’তেও অভিনয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত