রসালো মন্তব্যের জন্য জ্লাতান ইব্রাহিমোভিচের জুড়ি মেলা ভার। এসি মিলানের এই ফুটবলার এবার মজা করে নিজেকে ক্লাবটির খেলোয়াড়ের পাশাপাশি সভাপতি ও কোচ হিসেবেও দাবি করেছেন!
মঙ্গলবার রাতে ইতালিয়ান সেরি আর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোদের জুভেন্তাসের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর নিজেকে নিয়ে এমন মন্তব্য করেন মিলানের অন্যতম রোল মডেল ইব্রাহিমোভিচ।
খেলা শেষে স্পোর্টস স্ট্রিমিং চ্যানেল ডিএজেটএনকে সুইডিশ এই স্ট্রাইকার বলেন, “আমি ক্লাবটির প্রেসিডেন্ট, কোচ ও খেলোয়াড়। কিন্তু তারা কেবল আমাকে ফুটবলার হিসেবে পারিশ্রমিক দেন।”
জুভেন্তাসকে উড়িয়ে দিলেও সেরি আ’র পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানেই নেই মিলান। এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে দলটি। সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে গত কয়েক মৌসুম ধরে শিরোপা ধরে রাখা জুভেন্তাস।
চলতি বছরের জানুয়ারিতে ফ্রি-ট্রান্সফার উইন্ডোকে দ্বিতীয়বারের মতো মিলানে নাম লেখানো ইব্রাহিমোভিচের দাবি, আরও আগে আসলে ক্লাবটিতে স্কুদেত্তো তথা সেরি আ শিরোপা জেতাতে পারতেন তিনি।
“আমি যদি মৌসুমের শুরুতে এখানে আসতাম। আমরা স্কুদেত্তো জিততে পারতাম।”
এর আগেও বছর দুয়েক মিলানে খেলেছিলেন ইব্রাহিমোভিচ। ২০১১ সালে ক্লাবটির হয়ে সেরি আ জেতেন আক্রমণভাগের তারকা এই ফুটবলার।
চলতি মৌসুম শেষেই মিলানের সঙ্গে ইব্রাহিমোভিচের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করার সম্ভাবনা আছে কি-না এ ব্যাপারে ৩৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, “এখনো এক মাস বাকি, দেখা যাক কী হয়। তবে কিছু বিষয় আছে, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।”
