কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে শরিফুল ইসলাম নামের একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর একটায় কুমারখালী উপজেলার চরসাদিপুর পদ্মা নদীতে ঘটনাস্থলের দেড় কিলোমিটার ভাটিতে ভেসে উঠা লাশ দেখে পাবনা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে তাদের উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে।
মৃত শরিফুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, মঙ্গলবার সকালে পদ্মানদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪জনের লাশ উদ্ধারে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। বুধবার দুপুর একটায় একজনের লাশ উদ্ধার হলেও এখনও ৩জনের লাশ নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় ডিঙি নৌক ডুবে যাওয়ার ঘটনায় ১৩ জনের মধ্যে ৯ জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হয়। সাঁতার না জানায় ৪ জন পানিতে ডুবে নিখোঁজ হন।
ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
শরিফুল ইসলামের (৩১) লাশ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।
