মাস্ক-পিপিই ক্রয়ে দুর্নীতি: ২ ব্যবসায়ীকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১২:০৫ এএম

করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক ক্রয়ে দুর্নীতির তদন্তে পাঁচজনের মধ্যে জেএমআই গ্রুপের কর্ণধারসহ দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কমিশনের পরিচালক এবং অনুসন্ধান বিভাগের প্রধান মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক এবং তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের মেডিকেল টিমের সমন্বয়কারী মো মতিউর রহমান উপস্থিত ছিলেন। তবে, শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে এলান করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন অনুপস্থিত ছিলেন।

গত সপ্তাহে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক নোটিশে মো আবদুর রাজ্জাক, মো মতিউর রহমান এবং আমিনুল ইসলাম আমিনকে কমিশনে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছিল।

দুদকের মুখপাত্র প্রণব কুমার বলেন, বৃহস্পতিবার মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবির ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদক এন-৯৫ মাস্ক আবং পিপিই ক্রয়ে দুর্নীতির অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।

প্রণব বলেন, দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দেয়া কমিটির অপর সদস্যরা হলেন- উপপরিচালক মো. নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।

এর আগে গত ২৪ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ মাস্ক হিসেবে নিম্নমানের পণ্য সরবরাহ করা হয়েছিল বলে অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত