বাকশালের ‘বেওয়ারিশ লাশ’ কাঁধে নিয়ে ঘুরছে আ.লীগ : রিজভী

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:৪৫ এএম

আওয়ামী লীগ বাকশালের ‘বেওয়ারিশ লাশ’ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকার দম্ভে ও গর্বে আত্মস্ফীত।’

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, মানুষের মুখ বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হিড়িক চলছে। দেশে কভিড-১৯ সংক্রমণের প্রবল স্রোতে মানুষ যখন ভীত ও উদ্বিগ্ন তখনও মানুষের মুখ বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হিড়িক চলছে। বর্তমান নিপীড়নমূলক এই মামলা দেশের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করছে।

রিজভী বলেন, কভিড-১৯ নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করায় গত তিন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, স্কুলের শিক্ষার্থী, নারীসহ প্রায় ২০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভালুকার একজন ১০ম শ্রেণির শিক্ষার্থীও রয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘মানিকগঞ্জের বিএনপি নেতার কন্যা মাহমুদা পলিকে ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েক মাস ধরে কারাগারে আটক রাখা হয়েছে। এই করোনার দুর্যোগকালে জালিম শাহীর হিংস্র আঁচড়ে ক্রমাগত জর্জরিত দেশবাসী। দমননীতির উত্থান প্রবল থেকে প্রবলতর হচ্ছে। সর্বত্রই দারিদ্র্য, দুর্দশা, ক্ষুধা, বিনা চিকিৎসা ও অসাম্যের করুণ কাহিনী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত