পেটে ইয়াবা বহন, বিষক্রিয়ায় চোরাকারবারির মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১২:২৮ পিএম

প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে ইয়াবা পাচারের জন্য নতুন নতুন কৌশল বেছে নিয়েছেন মাদক কারবারিরা। ইয়াবার চালান গন্তব্যে পৌঁছে দিতে ব্যবহৃত হচ্ছে পেট। এ কাজে ভাড়ায় ব্যবহার করা হচ্ছে নারী-পুরুষ এমনকি শিশু-কিশোরও। টাকার বিনিময়ে নিজের পেটে প্যাকেটভর্তি হাজার হাজার ইয়াবা পাচারে বাহকদের কেউ কেউ সফল হচ্ছেন। আবার অনেকে প্রাণও হারাচ্ছেন।

অভিনব এই কৌশলে পেটের ভেতর ইয়াবা পাচারকালে তৈয়ব আলী (৩০) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের আলী আকবর মনুর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ইয়াবা পাচারের জন্য তৈয়ব কক্সবাজারের টেকনাফে যান। সেখান থেকে নিজের পেটের ভেতর করে ইয়াবা চালান নিয়ে আসে। এ সময় তার সঙ্গে আরও দুইজন ছিলেন। পরে তৈয়ব বাথরুম করে ইয়াবার প্যাকেটগুলো বের করার চেষ্টা করলে কিছু প্যাকেট থেকে যায়। পেটের ভেতর ওই প্যাকেটগুলো ফেটে বিষক্রিয়া হলে বুধবার ভোর ৫টার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, তৈয়বের সাথে যে দুইজন ছিল তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মৃত তৈয়ব আলী মাদক কারবারি ছিলেন। ধারণা করা হচ্ছে- পুলিশের অভিযান ও সন্দেহের ঊর্ধ্বে থাকতে পেটের ভেতর ইয়াবা পাচারের পথ বেছে নিয়েছেন। বিষয়টি খুবই শঙ্কার। পেটে বিষক্রিয়ার কারণে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তবে তার পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত