সাহেদের বিদেশ যাওয়া ঠেকাতে বহির্গমন পয়েন্টে সতর্কবার্তা

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০১:২৩ পিএম

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় আসামি হওয়ার পর রিজেন্ট হাসাপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিদেশ যাওয়া ঠেকাতে দেশের বিভিন্ন বন্দর ও জেলার বহির্গমন কার্যালয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শৈবাল বলেন, তারা বিষয়টি অবহিত হয়েছেন এবং সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে সতর্কবার্তা পাঠিয়েছেন।

এর আগে বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাসেম দেশ রূপান্তরকে বলেন, ‘সাহেদ কিছুতেই দেশ ছেড়ে পালাতে পারবেন না। সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও র‍্যাবের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন, সাহেদ তাদের নজরদারিতেই আছেন; কোনোভাবেই পালাতে পারবেন না তিনি।

সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের দায়ের করা মামলায় সাহেদের অন্যতম সহযোগী ও রিজেন্টের গণসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী তিন নম্বর আসামি।

করোনার ভুয়া সনদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে গত মঙ্গলবার রাতে সাহেদসহ রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে র‍্যাব। এ নিয়ে বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৩টি মামলা হলো।

মঙ্গলবারের মামলায় র‍্যাবের অভিযানে আটক সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এছাড়া রিজেন্ট গ্রুপের কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালের শাখা দুটি সিলগালা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত