শিবচরে বন্যা আর নদী ভাঙনে পানিবন্দি হাজারো মানুষ

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৩:৪৬ পিএম

পদ্মার তীরবর্তী মাদারীপুর জেলার শিবচরের ৪টি ইউনিয়ন। নদীতে পানি বাড়লেই বন্যা আর ভাঙন নিত্যসঙ্গী হয়ে দেখা দেয় পদ্মাসংলগ্ন চরজানাজাত, কাঁঠালবাড়ী, মাদবরেরচর ও বন্দরখোলা ইউনিয়নে।

প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এ সকল এলাকার। চলতি বছর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৫টি ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়ে দুর্ভোগে রয়েছে হাজার হাজার মানুষ।

এছাড়াও কাঁঠালবাড়ী, চরজানাজাত ও বন্দোরখোলা ইউনিয়নের চরাঞ্চলও বন্যায় প্লাবিত হয়েছে।

উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চল তলিয়ে গেছে। এছাড়াও চরাঞ্চল সংলগ্ন আশপাশের এলাকাতেও প্রবেশ করেছে বন্যার পানি। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। গ্রামের মধ্যের কাঁচা সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও ভেঙেও গেছে পানির চাপে।

এছাড়া এ সকল এলাকার বেশিরভাগ মানুষের ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। অনেকে ঘরবাড়ি রেখে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ১,২,৩,৬ ও ৮নং ওয়ার্ডের সকল গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ সকল এলাকার হাজার হাজার পরিবার গত প্রায়  এক মাস ধরেই পানিবন্দি।

উপজেলা সদরের সাথে যোগাযোগের একাধিক সড়কও পানিতে তলিয়ে গিয়েছে এ সকল এলাকার। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে হাজার হাজার মানুষ।

image

মাদবরেরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিনাকান্দি, সাড়ে এগাড় রশি, ৩নং ওয়ার্ডের সিংহকান্দি, খাড়াকান্দি সহ আশপাশের এলাকার সাধারণ মানুষেরা জানান, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় এসকল এলাকার পুরোটাই তলিয়ে গেছে। বিশেষ করে চরাঞ্চল এলাকা এখন পানির নিচে। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে।

অনেকের ঘরে পানি উঠায় মাচা তৈরি করে বসবাস করছে। এসব এলাকার সাধারনণমানুষ গবাদি পশু নিয়ে পরেছে চরম বিপাকে। নৌকা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হচ্ছে। এসকল এলাকার ৫৫০টি পরিবারের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ পানিবন্দি রয়েছে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।

বুধবার (৮ জুলাই) সরেজমিনে এ সকল এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে ডুবে আছে বসতবাড়ি। কাঁচা রাস্তা ভেঙে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। নৌকা ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম নেই ওই সকল এলাকায়। চরাঞ্চলের প্রতিটি বাড়ি যেন ছোট ছোট দ্বীপ! গত ২৪ ঘণ্টায় পানি কিছুটা কমলেও এসকল এলাকার পরিস্থিতি উন্নতি হতে আরও অনেক সময় লাগবে বলে স্থানীয়রা জানান।

মাদবরেরচর ইউনিয়নের ১,২ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য তাওহীদা নাসরিন বলেন, ‘বন্যায় এসকল এলাকার বেশকিছু সবজি বাগান ও ফসলি জমি তলিয়ে গেছে। কাঁচা রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদবরেরচর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মানুষ পানিবন্দি রয়েছে।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, চরাঞ্চল বন্যাকবলিত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। তাদের সরকারি ত্রাণ সহযোগিতা পৌঁছে দেয়া হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি খাস জমিতে আশ্রয়ের ব্যবস্থা করে দেয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত