রাজশাহী নগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর আলিফ-লাম-মীম ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত দুইজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৪৫ বছরের মধ্যে। তারা ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নগরীর নওদপাড়া বাস টার্মিনাল থেকে ‘বাঁধন পরিবহন’ নামের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কে আলিফ-লাম-মীম ভাটার কাছে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
