মিরপুরে শিশুকে হত্যার পর লাশ গুমের চেষ্টা

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:২৮ এএম

রাজধানীর মিরপুর পশ্চিম মণিপুরে সেপটিক ট্যাংকের ভেতরে থেকে সিয়াম শেখ (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে পশ্চিম মণিপুরের ১৮৭/এ নম্বর বাড়ির সেপটিক ট্যাংক থেকে ঘাড় মটকানো লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চাচাতো ভাই রাকিব (২০) হত্যার পর সিয়ামের লাশ গুম করতে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়। মিরপুর মডেল থানার এসআই রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরও সিয়াম বাসায় না ফেরায় তার বাবা আবুল বাশার বিভিন্ন জায়গায় খোঁজ করেন। শুক্রবার সকালে মাইকিং করার সিদ্ধান্ত নেন তিনি। তখন রাকিবের বাবা আবুল কাশেম তাকে বলেন, রাকিবকে জিজ্ঞাসা করলেই সিয়ামের তথ্য পাওয়া যাবে। পরে আবুল বাশার থানা পুলিশকে অবহিত করেন। এরপরই পুলিশ রাকিবকে দুপুর দেড়টার দিকে মণিপুরের একটি কারখানা থেকে আটক করে। সে হত্যার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করা হয়। পরে রাকিব বলে, ‘বৃহস্পতিবার দুপুরে সিয়ামের মুখে সিগারেট দেখতে পেয়ে তার পিঠে কিল মারি। এতে দম আটকে সে মরে যায়। তখন ভয় পেয়ে লাশ লুকানোর জন্য সেপটিক ট্যাংকে ফেলার চেষ্টা করি। ট্যাংকে লাশ ঢুকছিল না, তাই ঘাড় মটকে ফেলে দিই।’

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সিয়াম হত্যা ও লাশ গুম চেষ্টার বিষয়ে যেসব তথ্য রাকিব দিয়েছে তা যাছাই-বাছাই করা হচ্ছে।  এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না খতিয়ে দেখছি। সিয়ামের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া থানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত