টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:৫৬ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫-এর সদস্যরা।

গতকাল শুক্রবার সকালে উপজেলার হোয়াইক্যং বালুখালী (তুলাতুলি) এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ, ব্লক-এ, ১৯ নম্বর-এর বাসিন্দা মো. শফিক (২৫) এবং তুলাতুলি এলাকার কোলা মিয়া গুনাপাড়ার আবুল আব্দুল করিম (২২)।

গতকাল বিকেলে কক্সবাজার র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে হোয়াইক্যং বালুখালী এলাকার রাস্তার পাশের কালভার্টের নিচ দিয়ে হেঁটে কতিপয় অস্ত্রধারী মাদকের একটি বড় চালান নিয়ে আসছে। র‌্যাবের একটি দল ওই এলাকায় পৌঁছালে মাদক কারবারিরা টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তবে তাদের তিন সহযোগী পালিয়ে যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। আটক দুজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত