ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির দাবি

গরু পাচার থেকে ৬০ হাজার কোটি যাচ্ছে ভারত-মিয়ানমার

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:৫৪ এএম

দেশি জাতের গবাদি পশুপালন উৎসাহিত করতে প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে গরু-মহিষ এবং মাংস আমদানি বন্ধের দাবি জানিয়েছে ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতি। গতকাল শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব রবিউল ইসলাম বলেন, ‘ভারত ও মিয়ানমার গরু পাচার করে প্রতি বছর আমাদের ৬০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই পাচার বন্ধ না হলে দেশি জাতের গবাদি পশুর উৎপাদন বাড়বে না। সীমান্ত হত্যাও বন্ধ হবে না। ১০-২০ হাজার কোটি টাকা ঋণ পেলে কৃষকরা দেশের চাহিদা মিটিয়ে গবাদি পশু খাত থেকে বছরে ৬০-৮০ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন। মাংসের কেজিও ৩০০ টাকা হবে।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কোরবানির পশুর হাটে ইজারাদারদের অবৈধ অর্থের নিরাপত্তা দেয় বলে ভোক্তাদের অভিযোগ আমলে নেয় না। হাটে সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি নেওয়া হয়। পথেও মাস্তানদের চাঁদা দিতে হয়। ফলে গরুর দাম বেড়ে যায়।’ তিনি আরও বলেন, ‘চামড়া রপ্তানির প্রধান বাধা বর্জ্য ও পানি শোধনাগার সিইটিপি পরিপূর্ণ না হওয়া। এটির সমাধান ছাড়া চামড়া শিল্পনগরীর সুফল সরকার পাবে না। ভালো মানের চামড়া পেতে শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত