কুমিল্লার দাউদকান্দির গোমতী নদীতে নৌকাডুবিতে নিখোঁজের এক দিন পর দুই তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের পরদিন তরুণের, সাতক্ষীরার তালায় গৃহবধূর এবং কক্সবাজারের উখিয়ার স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি এলাকায় গোমতী নদীতে নৌকাডুবিতে নিখোঁজের এক দিন পর দুই তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা। গতকাল শনিবার ভোরে তাদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। তরুণরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার মোজাফ্ফর বেপারির ছেলে সজিব (৩০) এবং ঢাকার হাজারীবাগ এলাকার হাজি আবদুর রহিমের ছেলে তানভীর হোসেন অনিক (২৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে আট তরুণ দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আসে। পরে স্থানীয় তিন বন্ধুর সঙ্গে তারা একটি ছোট নৌকাযোগে নদীর পাশের একটি মাছের প্রজেক্ট দেখতে যায়। এ সময় নদীতে চলমান একটি ট্রলারের ঢেউ এসে ওই নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। মাঝিসহ ১০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সজিব ও অনিক ডুবে নিখোঁজ হন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের এক দিন পর মেহেদী হাসান (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকার শীতলক্ষ্যা থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে। মেহেদী হাসান চাঁদপুর জেলার সদর থানার বিষ্ণুপুর এলাকার জাহাঙ্গীর প্রধানের ছেলে।
সাতক্ষীরা : তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গৃহবধূর নাম নমিতা ম-ল (৪৩)। তিনি স্থানীয় শংকর ম-লের স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী। খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, নমিতা-শংকর দম্পতির একমাত্র মেয়ের একটি বিশেষ বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
উখিয়া (কক্সবাজার) : উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকা থেকে শারমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার সময় উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারের নেতৃত্বে একদল পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় শারমিনের লাশটি উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ঘটনায় জড়িত সন্দেহে নিহত শারমিনের ফুফাতো ভাইকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
