কুমিল্লার চৌদ্দগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৬ জন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১১ জনে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ২১৫ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৭ জনের।
রবিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সংগ্রহকৃত নমুনার রবিবার প্রাপ্ত রিপোর্টে ১০ জনের করোনা পজেটিভ এসেছে এবং সোমবার এর নমুনার ফলাফল অনুযায়ী আরো ৬ জনের করোনা পজেটিভ এসেছে।
রবিবারের রিপোর্টে নতুন আক্রান্তরা হলেন- চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুরের জোসনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আব্দুর রব, বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের শামসুল হক ও শামসুন্নাহার, জগন্নাথদীঘি ইউনিয়নের তারিকুল ইসলাম, শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের করবুলের নেছা, চিওড়া ইউনিয়নের পাতড্ডা গ্রামের সেলিম, ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর এলাকার রেজিয়া, সুমি ও ঝুমুর।
এ পর্যন্ত ১৭০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৫৮৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১১ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ২১৫ জন ও মারা গেছে ৭ জন।
এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এ সময় তিনি সকলকে আরও সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।
