বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশ্বরদী পৌর সভার সাবেক কাউন্সিলর প্রয়াত আসাদুজ্জামান পিন্টুর ছেলে রইচউজ্জামান রনক (২২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়ায় নিজ বাড়িতে এই দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রনক রাজধানী ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, রনক রবিবার দুপুরে বাড়ির পাশে সাঁটানো এলুমিনিয়ামের তারে ভেঁজা জামা কাপড় শুকানোর জন্য দিতে যায়। আর এতেই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারায়। ওই তারের সাথে কিভাবে বিদ্যুৎ সংযোগ হয়ে ছিল তা কারো জানা নেই বলে এলাকাবাসী জানান।
নিহত রনকের বন্ধুরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনক জ্ঞান হারানোর পর তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এ রকম করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
