ডা. সাবরিনাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:২৩ পিএম

ডা. সাবরিনা শারমিন হুসাইনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে. যেহেতু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাবরিনা শারমিন হুসাইন সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান ও অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বিধায় পুলিশ তাকে গ্রেফতার করেছেন।

যেহেতু সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান থাকা এবং অর্থ আত্মসাত ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, সেহেতু ডা. সাবরিনাকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন।

করোনা পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জেকেজি হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরী ওরফে ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী। ডা. সাবরিনা তার চতুর্থ স্ত্রী।

জেকেজির কভিড-১৯ টেস্ট কেলেঙ্কারিতে আরিফসহ কয়েকজন গ্রেপ্তার হলেও ডা. সাবরিনা এতোদিন আত্মগোপনে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত