এই সময়ে শেখ হাসিনাকে বাংলাদেশের বড় প্রয়োজন: শামীম ওসমান

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৮:০১ পিএম

মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে যে মহামন্দা আসছে তা সম্মিলিতভাবে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

দেশে করোনা দূর্যোগকালীন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভাষা সৈনিক কামাল লোহানী এবং সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলীসহ যে সব জাতীয় বীর মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে শামীম ওসমান এসব কথা বলেন। 

শামীম ওসমান বলেন, এই জাতীয় দূর্যোগ মোকাবেলায় রাজনৈতিক ভেদাভেদ ও আত্মঅহমিকা ভুলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। দূর্যোগকালিন এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের বড় প্রয়োজন। আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহপাক যেন আমার নেত্রীকে দীর্ঘ হায়াত ও দূর্যোগ মোকাবেলার শক্তি দান করেন।

এ সময় শামীম ওসমান দূর্যোগ মোকাবেলায় দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করেন। একই সাথে করোনা দূর্যোগে মৃত্যুবরণ করা দেশের এই জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

সংসদ সদস্য শামীম ওসমানের ব্যক্তিগত ব্যবস্থাপনায় আয়োজিত এই দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা এবং যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু প্রমুখ।

দোয়া শেষে সাংসদ শামীম ওসমান এক হাজার দুঃস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত