দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় পর সুদানে অমুসলিমদের ওপর থেকে মদ্যপানের নিষেধাজ্ঞা উঠে গেল। দেশটিতে আইনি ব্যবস্থায় চলমান সংস্কারে এই বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।
বিবিসি জানায়, আফ্রিকার দেশটিতে ইসলামপন্থীদের দীর্ঘ ক্ষমতার সময় সব ধরণের নাগরিকদের জন্য মদ্যপান নিষেধাজ্ঞা ছিল।
এ ছাড়া ধর্মত্যাগ এবং প্রকাশ্যে বেত্রাঘাতের আইনও তুলে নিয়েছে সুদান সরকার।
দেশটির বিচার বিষয়ক মন্ত্রী নাসরিদিন আব্দুলবারি বলেন, অমুসলিমরা এখন থেকে ব্যক্তিগত পরিসরে মদপান করতে পারবে। তবে মুসলিমদের জন্য নিষেধাজ্ঞা জারি থাকবে।
রাষ্ট্রীয় চ্যানেলে তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন করে সব আইন তুলে নেয়া হবে।
গত সপ্তাহে নতুন আইনের বিধিমালা পাস করে সুদান। তবে এ নিয়ে বিশদ ব্যাখ্যা প্রকাশ করা হলো আরও পরে।
দেশটির নারীদের খতনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন আইনে।
ভ্রমণ করতে কোনো পুরুষ আত্মীয় বা শিশুকে সঙ্গে রাখা নারীদের জন্য বাধ্যবাধকতাও আর থাকছে না।
গত বছর বড় ধরনের বিক্ষোভের ফলে দেশটির দীর্ঘ সময় ধরে ক্ষমতা থাকা ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হন। এরপরে রাজনৈতিক সংস্কার শুরু করে বর্তমান সরকার।
